Wednesday, March 14, 2018

নয়ে ডয়ে

না, আমি নয়ডায় থাকলেও এ লেখা টা নয়ডা নিয়ে নয়| এ লেখা "নয়ে ডয়ে" নিয়েই|

আমার সহজ পাঠ পড়তে বেশ ভালো লাগে| বেশ সহজ সরল লেখা| গল্প আর কবিতা গুলো যেন ছবির মত চোখের সামনে ফুটে ওঠে - তা সে বিশম্ভর বাবুর পালকি ভেঙ্গে যাবার গল্পই হোক বা সেই কবিতাটা, যেটায় "স্টিমার আসিছে ঘটে"|

কিন্তু "নয়ে ডয়ে"র ব্যবহার নিয়ে রবীন্দ্রনাথ বড়ই অল্প লিখেছেন| ওই "রেভারেন্ড এন্ডারসন", পন্ডিতমশাই আর কুন্ডু - ব্যাস| তার মধ্যে তো দুটো শব্দ বাংলা অভিধানে পাওয়াই যাবে না|

অথচ কি সম্ভাবনাটাই না ছিল এই 'ন্ড' - এর! এই তো, আমাদের পাড়ার ব্যান্ড পার্টির নেতা পান্ডাদার বাড়ি অন্ডালের  কাছে| চেহারাটা তেমন ষন্ডা না হলেও, মনের খুব জোর|   নইলে  ঠান্ডার সময় স্রেফ একটা স্যান্ডো  গেঞ্জি পরে কেউ পিন্ডারি বেড়াতে যায়? এক কমন্ডলু ভরে উষ্ণ কুন্ডের জল এনেছিলেন সেবার| উনি আবার জেমস বন্ড এর মত গাড়ী চালান - হন্ডা গাড়ী যদিও| একবার  তো পাহাড় থেকে গাড়ী সমেত উল্টে নিচের নদীতে ল্যান্ড করেছিলেন | মুন্ডুতে খুব আঘাত লেগেছিল, হৃৎপিণ্ড থেমে যায় খানিক্ষন| টোটকা ওষুধের মন্ড খাইয়ে বাঁচিয়ে তুলেছিল গ্রামের লোকেরা|
নেশার মধ্যে দুটো - তেন্ডুলকারের ব্যাটিং দ্যাখা আর একটু চন্ডু-চরস সেবন| ভদ্রলোক ইংরাজীটাও মোটামুটি জানেন| সেদিন বললেন গ্যান্ডার মানে গন্ডার নয়|
খাওয়া দাওয়া নিয়ে তেমন ঝামেলা নেই ওনার |  প্রায় নিরামিষাশী - শুধু আন্ডা-কারী পেলে একটু খান| আসলে এক  কান্ড হয়েছিল একবার - মাংসের একটা বড় খন্ড গলায় আটকে যায়| তখন উনি টুন্ডলায় থাকতেন| ওখানকার  ডাক্তারটা ছিল ভারী পাষন্ড| একেবারে চন্ডাল যাকে বলে - বললে আগে পয়সা দিন| এদিকে পান্ডাদার গন্ডদেশে তখন প্রচন্ড ব্যাথা|শেষমেষ গন্ডাখানেক পাঁচশ টাকার নোট  দন্ড দিতে হল| এই সময় কিছু গুন্ডা ধরনের লোক ডাক্তারখানা লন্ডভন্ড করে দ্যায়| ডান্ডা মেরে ঝন্ডু  বামের অনেকগুলো শিশি ভেঙ্গে দিয়েছিল ওরা| তান্ডব থামার পর ডাক্তার ওষুধ দ্যান| এরপর থেকে পান্ডাদা শুধু  মন্ডা মিঠাই পেলে গান্ডেপিন্ডে খেয়ে ফেলেন - আর কিছু খান না|

No comments:

Post a Comment

রাজনীতির ধাক্কা

রাজনীতি নিয়ে    আমার জ্ঞান ছিল খুবই সামান্য।    এবং আজ যে সেটা কিছু মাত্র বেড়েছে সে দাবি আমি করি না।ছাত্র-ছাত্রীদের রাজনৈতিক চেতনা থাকা ভা...